দশ ট্রাক অস্ত্র মামলার বাদী হেলাল রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত!
দশ ট্রাক অস্ত্র মামলার বাদী পুলিশের সার্জেন্ট হেলাল রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার রাতে ফেনীর রামপুরে এ ঘটনায় ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে অন্যত্র থেকে আসা একটি গাড়ি তার গাড়িকে লক্ষ্য করে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তার গাড়ি উল্টে যায়। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি।
জানা যায়, দশ ট্রাক অস্ত্র মামলার বাদী হওয়ার পর থেকেই সার্জেন্ট হেলাল ও তার পরিবারকে বিভিন্নভাবে মানসিকভাবে নিযার্তন করা হচ্ছিল। তাকে হত্যার হুমকিও আসতো বিভিন্ন সময়।
হাইওয়ে পুলিশ জানায়, এটি একটি সড়ক দুর্ঘটনা। ফেনী জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মীর গোলাম ফারুক জানান, হেলাল উদ্দিন ভুঁইয়া তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা থেকে রবিবার নিজে প্রাইভেট কার (চট্ট-মেট্রো-গ-১১-৫১৪১) চালিয়ে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। রামপুর এলাকায় পৌঁছার পর তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে গিয়ে আরো একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত হয়। গাড়িটি উদ্ধার করা হয়েছে।
পরিবার জানায়, এটি সড়ক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা হতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে তার পরিবার।
বাংলাদেশ পুলিশের ১৯৯৫ ব্যাচের সার্জেন্ট হেলাল আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের সময় চট্টগ্রামের বন্দর থানার কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
/ইত্তেফাক
Facebook Comments
