শেষ কথা বলে কিছু নেই পল্টি বাবার: পরিস্থিতি বুঝে হঠাৎই ভোট পাল্টে যোগ দিতে পারেন ঐক্যজোটে!
আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) কীভাবে অংশ নেবে তা জানতে আরও অপেক্ষা করতে হবে। তবে নির্বাচনকে ঘিরে যত রাজনৈতিক মেরুকরণই হোক না কেন, জাপার শীর্ষ নেতারা জানিয়েছেন, বিরোধী দল নয়, বরং আগামীতে যে দল ক্ষমতায় যাবে, তার সাথেই থাকার কথাই বলছেন। এজন্য দলটির শেষ কথা বলতে কিছু নাই, যখন যা ভালো হবে তেমনটাই করবে বলে জানিয়েছে জাতীয় পার্টির শীর্ষ নেতারা।
অবশ্য জাতীয় পার্টির শীর্ষ নেতারা বলছেন, দেশের রাজনীতিতে নিজেদের ট্রাম্প কার্ড হিসেবেই ভাবছেন জাতীয় পার্টির নেতারা। এজন্য নিজেদের দর কষাকষির জায়গাটাও পোক্ত রাখছেন তারা। স্থানীয় পর্যায়ে বাড়াচ্ছেন গণসংযোগ। সভা-সমাবেশে বলছেন ক্ষমতায় থাকার কথা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে এখন থাকলেও আগামী নির্বাচনে দলটি কী ভূমিকা নেবে বা কোন জোটে যাবে তা স্পষ্ট করছেন না। তারা আরও জানিয়েছেন, ক্ষমতা ছাড়া কিছুই ভাবছেন না দলের কর্মীরা। এজন্য আওয়ামী লীগ বা বিএনপি নেতৃত্বাধীন যেকোনও জোটে, যেকোনও ফরম্যাটে তারা ক্ষমতায় থাকতে চাইছেন। অন্য অনেক বিষয় নিয়ে মতভেদ থাকলেও ক্ষমতার অংশীদার হওয়ার বিষয়ে সবাই একমত। আওয়ামী লীগ, বিএনপি বা তৃতীয় শক্তি যারাই ক্ষমতায় আসুক, তাদের সহযাত্রী হতে চায় জাপা।
খোঁজ নিয়ে জানা গেছে- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন এই দলটির নেতাদের একাংশ আওয়ামী লীগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আরেকটি অংশ বিএনপি এবং নবগঠিত জোট যুক্তফ্রন্টসহ বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মোদ্দাকথা, যেকোনও জোটের সঙ্গে হলেও ক্ষমতায় থাকতে চান তারা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জাপার কেন্দ্রীয় এক নেতা বলেন, জাতীয় পার্টি এখনও মহাজোটেই আছে। সামনে নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটাই ধরেই নেয়া হচ্ছে। তবে নাও পারে। তাই ক্ষমতায় যেতে রাজনৈতিক হিসেব-নিকাশ করছে জাতীয় পার্টি। রাজনৈতিক পটপরিবর্তন হলে বিএনপির সঙ্গেও জোট গড়তে পারি আমরা।
