সরকার ও সরকারী দলের নেতিবাচক খবর প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারী: ডিজিএফআই দিয়ে মিডিয়ার ওপর চাপ
বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশনগুলোতে সরকারের কড়া সেন্সরশীপ জারী করা হয়েছে। বিশেষ করে বর্তমান সরকার ও সরকারী দলের কোনো নেগেটিভ সংবাদ প্রকাশের উপর কড়া নিষেধাজ্ঞা জারী করেছে।
গত সপ্তাহের মাঝামাঝি সরকারপন্থী পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের অফিসে হঠাৎ উপস্থিত হন ডিজিএফআইয়ের মিডিয়া ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান এক কর্নেল। পত্রিকার সম্পাদককে খুঁজতে থাকেন। সম্পাদক নঈম নিজাম সে সময় অফিসের বাইরে ছিলেন। উপস্থিত বার্তা সম্পাদককে কর্নেল বলেন, এখন থেকে বর্তমান সরকার বা সরকারী দলের কোনো নেতিবাচক খবর পরিবেশন করা যাবে না। এর জবাবে বার্তা সম্পাদক যদিও বলার চেষ্টা করেন, এটা সরকারপন্থী পত্রিকা, এবং সম্পাদক নিজেও ছাত্রলীগ নেতা ছিলেন। কিন্তু তাতে বিরক্ত হয়ে কর্নেল শাসিয়ে যান, আমরা যা বললাম এটাই ফাইনাল. এর অন্যথা হলে ঐ রিপোর্টার এবং সম্পাদককে সরাসরি দায়ী করা হবে।
অফিসে ফিরে নঈম নিজাম বিষয়টি সম্পর্কে জানতে কর্নেল সাহেবকে ফোন করলে তাকে জানানো হয়, ‘সরকারের নির্দেশেই বিষয়টি আমাদের প্রায়োরিটি। যেহেতু সামনে ইলেকশন, তাই সরকারের কোনো নেতিবাচক খবর বা সমালোচনা আমরা অ্যালাও করবো না। আগামী সপ্তাহের মধ্যে আমি সবগুলো পত্রিকা এবং টিভিতে যাব এবং তা সকলকে দিয়ে নিশ্চিত করানো হবে।’
বিষয়টি নিয়ে প্রেস কাউন্সিল এবং মিডিয়া ব্যক্তিত্বদের সাথে কথা বলে জানা গেছে, গোয়েন্দা সংস্থার এ ধরণের অত্যাচার এই নতুন নয়। তবে এবারে নির্বাচনের আগে আগে সরকারের জনপ্রিয়তায় ধস নামায় তারা আতঙ্কিত বোধ করে একটু বেশি বাড়াবাড়ি করছে।
