খালেদা জিয়ার সিলেট সফর: লাখ লাখ মানুষের জনজোয়ার
দেশের জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ঢাকা থেকে সড়ক পথে সিলেট সফরে যাওয়ার সময় পুলিশি হয়রানি, গণ-গ্রেফতার ও লাঠিচার্জ উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ লাখ লাখ মানুষের উপস্থিতি তারই বহিপ্রকাশ। এমনটাই দাবি- বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।
তারা বলছেন, ঢাকা থেকে আজ সকালে সড়ক পথে সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করতে রওয়ানা হন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পূর্ব নির্ধারিত এ সফরের খবরে সকাল থেকেই ঢাকা থেকে সিলেট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এক নজর দেখতে ভিড় করেন। কিন্তু পুলিশ বিভিন্ন স্থানে তাদের বাধা দেয়, লাঠিচার্জ করে। সেই সাথে চলে গণ-গ্রেফতার।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ, নরসিংদী ও হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সারা দিনে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, নরসিংদীতে নৌকার স্লোগান দিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে বাধা দেয় ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন।
জানা গেছে, এ সব উপেক্ষা করে মহাসড়কের দু’পাশে জনতার ঢল নামে। বিশেষ করে খালেদা জিয়ার গাড়িবহর সিলেট এলাকায় পৌঁছলে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সমর্থকদের উপছেপড়া ভিড় লক্ষ্য করা যায় মহাসড়কের দু’পাশে। এ সময় তাদের হাতে খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তারেক রহমান ও নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ছবিসম্বলিত প্লেকার্ড শোভা পায়।
খালেদা জিয়া দুপুরের পর সিলেট সার্কিট হাউজে পৌঁছান। সেখানে দুপুরের খাবারবিরতি ও নামাজ শেষে বিকেলে হযরত শাহজালাল (র.) এর মাজারে যান। সেখানে মাগরিবের নামাজ আদায় শেষে মাজার জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন তিনি। পরে সেখান থেকে বের হয়ে বেগম জিয়া যান হযরত শাহপরাণ (র.) এর মাজারে। মাজার জিয়ারত শেষে বিএনপি চেয়ারপারসন ফিরেন সিলেট সার্কিট হাউজে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিএনপি চেয়ারপারসন সিলেটে পৌঁছার পর পুরো নগরীতে মানুষের ঢল নামে। সিলেট সার্কিট হাউজ থেকে শুরু করে শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) এর মাজারে দলীয় নেত্রীকে ঘিরে লাখো মানুষ উপস্থিত হন। সেই সাথে দলীয় নেতাকর্মীসহ উপস্থিত জনতা খালেদা জিয়া, তারেক রহামন ও শহীদ জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যা দেখে আশপাশের মানুষও অবাক হয়ে যান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
স্থানীয় দলীয় নেতারা বলছেন, এটা খালেদা জিয়ার কোনো রাজনৈতিক সফর নয়। তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে এসেছেন। আর নেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে দেখতেই মূলত মানুষের ঢল নেমেছে সিলেটে। জনতার এই ঢল- বিএনপি ও খালেদা জিয়ার প্রতি সিলেটবাসীসহ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।
আজ রাত ৯টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউস ছেড়ে ঢাকার পথে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
